অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র গৃদকালিন্দিয়া বাজারের ‘মুদি গলি’তে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের আরও তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে অর্ধকোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ‘শহীদ সু স্টোর’ নামের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের ‘আদর্শ ফার্মেসি’, মনিরের মুদি দোকান ও মাইনউদ্দিনের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এ ছাড়া রফিকের মুদি দোকান, নেছার আহমেদের মুদি দোকান এবং ফরিদ ডাক্তারের ঔষধের দোকান আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘আদর্শ ফার্মেসি’র মালিক টুটুল চন্দ্র শীল জানান, আগুনে তাঁদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ওষুধ ও মালামাল পুড়ে গেছে। ‘শহীদ সু স্টোর’-এর স্বত্বাধিকারী জানান, তাঁর প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। মনির ও মাইনউদ্দিনের দোকানের প্রায় ৫ লাখ টাকা করে মালামাল পুড়ে গেছে বলে তাঁরা দাবি করেছেন।
গৃদকালিন্দিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জামাল বলেন, স্থানীয়রা ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহযোগিতা করেছেন। তিনি ব্যবসায়ীদের পুরোনো বৈদ্যুতিক তার ও সুইচ-সকেট পরীক্ষা করার অনুরোধ জানান।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসের লিডার রবিউল আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর হিসাবে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকা।




