অনলাইন ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলা ডিও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের পাশাপাশি বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে উল্লেখ করে তিনি ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মানিক এমপি আরও বলেন, পূজার আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তার ওপর গুরুত্ব দিতে হবে।
উৎসবকে ঘিরে বিশৃঙ্খলা, উসকানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। হাইমচরের দীর্ঘদিনের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য ধরে রেখে দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপন করতে হবে।
সরকারি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে পূজামণ্ডপগুলোর আয়োজন সম্পন্ন করার পাশাপাশি উৎসবের পবিত্রতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার ও কমলাপুর দুর্গাপূজা মণ্ডপের শংকর ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ৬টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।




