অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে আইনের তোয়াক্কা না করে অবৈধ ড্রেজার বসিয়ে কৃষিজমির উর্বর মাটি কাটার অপরাধে একটি ড্রেজার অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বদরপুর এলাকার পাটওয়ারী বাড়ি সংলগ্ন ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় মৃত কুট্টি পাটওয়ারীর পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজারটি পরিচালনা করে আসছিল বলে জানানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমানের নির্দেশনায় রূপসা উত্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গুলশান-আরার নেতৃত্বে ভূমি অফিসের একটি দল অভিযান চালিয়ে ড্রেজারটি অপসারণ করে।
স্থানীয় কৃষক ও বাসিন্দাদের দাবি, ড্রেজারে মাটি কাটার কারণে আশপাশের আবাদি জমি বড় বড় গর্তে পরিণত হচ্ছিল। বর্ষা বা পানির উচ্চতা বাড়লে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া কিংবা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। প্রশাসনের পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী উর্বর কৃষিজমি বা ফসলি জমির উপরিভাগের মাটি নষ্ট করা এবং ড্রেজার বা এ ধরনের যন্ত্র দিয়ে মাটি ও বালি উত্তোলন নিষিদ্ধ। ব্যক্তিগত বা বসতবাড়ি নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অনুমতির বিধান থাকলেও এই ড্রেজার পরিচালনায় কোনো আইনগত অনুমতি নেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমান বলেন, প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ড্রেজারটি অপসারণ করা হয়েছে। এরপরও কেউ আইন অমান্য করে কৃষিজমি ধ্বংসের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।




