অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর নৌ থানা এলাকার নদীপথে অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন।
পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর প্রথম সপ্তাহে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ মোট ৫০ কেজি ইলিশ মাছ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০টি নৌকা জব্দ করেছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




