অনলাইন ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় আটক দুই জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের হেফাজত থেকে ৩ হাজার মিটার কারেন্টজাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং মো. রহমত উল্লাহ।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান অভিযানের তথ্য জানান। তাঁর দেওয়া তথ্যমতে, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং কোস্টগার্ডের সহযোগিতায় ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা, আনন্দবাজার, দাসাদী, লালপুর, আমিরাবাদ ও হরিনা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে হরিনা এলাকা থেকে মো. মিজান (২৭) ও মো. মাছুদ মাঝি (৩৫) নামে দুই জেলেকে আটক করা হয়। পরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে তাঁদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।
জব্দ করা ৩ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তিন কেজি ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।




