অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে শুক্রবার জুমার নামাজের সময় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে একই বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় সব মালামাল ভস্মীভূত হয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উভারামপুর গ্রামের দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আগুনে অটোচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন এবং হাবিবের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। জুমার নামাজের সময় পুরুষেরা মসজিদে থাকায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।
আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত চান মিয়া ও স্বপন জানান, নামাজ শেষে বাড়ি ফিরে তারা ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই দেখতে পান। পরনের কাপড় ছাড়া আসবাবপত্র, জমানো টাকা ও প্রয়োজনীয় কোনো মালামালই রক্ষা করা যায়নি বলে তারা জানান।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আগুনে চারটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা খোলা আকাশের নিচে দুর্ভোগে রয়েছে। তিনি সরকার ও বিত্তবানদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। প্রত্যন্ত এলাকায় দ্রুত ফায়ার সার্ভিস পৌঁছানো কঠিন হওয়ায় গ্রামীণ ও দুর্গম অঞ্চলে বিকল্প অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি জানান, চারটি অসচ্ছল পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানবিক ব্যক্তিদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি।




