অনলাইন ডেস্ক: কচুয়ায় আইনের মামলায় জড়িত থাকার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রহিমানগর গোহট এলাকার আওয়ামী লীগ নেতা মো. বাবুল গাজী প্রকাশ জুট বাবুল, দোয়াটি এলাকার রিপন সরকার, দারশাহী-তুলপাই এলাকার যুবলীগ নেতা আবু সুফিয়ান এবং রামদেবপুর এলাকার ছাত্রলীগ কর্মী মো. আরিফুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কচুয়া থানার এফআইআর নং-৫৬, তারিখ ২৫ জুন ২০২৬ এবং জিআর নং-২৩৬, তারিখ ২৫ জুন ২০২৬-এর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় দায়ের করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




