অনলাইন ডেস্ক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে আর্থিক সহায়তা ও অনুদান দেওয়ার লক্ষ্যে আবেদনকারী অসুস্থ, অস্বচ্ছল ও দুঃস্থ সাংবাদিকদের আবেদন ও কাগজপত্র যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জেলা কমিটির সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে আহমেদ জিয়াউর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা বার্ধক্যজনিত কারণে জটিল রোগে আক্রান্ত হয়ে জেলার অনেক প্রবীণ ও কর্মরত সাংবাদিক আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের দুর্দিনে সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর প্রশংসনীয় উদ্যোগ হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তিনি সাংবাদিকদের আবেদনগুলো ট্রাস্টের বিবেচনায় নেওয়ার কথা বলেন।
চাঁদপুর জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের পরিচালনায় সভায় অংশ নেন জেলা কমিটির সদস্য চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সফি উদ্দিন এবং চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মো. মহসিন আরাফাতসহ কমিটির অন্যান্য সদস্য।
সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পাঠানোর জন্য চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে অসুস্থ, অস্বচ্ছল ও দুঃস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছ থেকে ৩৮টি আবেদন পাওয়ার বিষয়টি জানানো হয়। সব আবেদন বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সুপারিশে দাখিল করা আবেদনগুলোর তথ্য সঠিক বলে সভায় উল্লেখ করা হয়। সব আবেদন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের গুরুত্বসহকারে সুপারিশসহ ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




