অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি ও সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, আগুনে কার্যালয়ের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও নথিপত্রের ক্ষতি হয়েছে। এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে বলেও তারা অভিযোগ করেন। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ঘটনাটিকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলামও ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার দাবি করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই মাসে দুটি দলীয় কার্যালয়ে আগুনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।




