অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল, ফরিদগঞ্জ (প্রাঃ)-এ এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পশ্চিম কাউনিয়া গ্রামের সৌদি প্রবাসী মাহবুব আলমের স্ত্রী সুমাইয়া আক্তার প্রসবব্যথা নিয়ে দুপুর সাড়ে ২টার দিকে হাসপাতালে ভর্তি হন। দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের তত্ত্বাবধানে ২০১ নম্বর ওয়ার্ডে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। এর আগে চিকিৎসাপত্রে ১৯ নভেম্বর প্রসবের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছিল বলে জানানো হয়।
পরিবারের সদস্যরা জানান, এর আগে প্রসবব্যথা উঠলে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে সনাতন পদ্ধতিতে প্রসবের চেষ্টা ব্যর্থ হয়। পরে সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেওয়া হলে ২০ নভেম্বর সুমাইয়াকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা শেষে আবারও নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়।
নবজাতকের দাদি ও দাদা অভিযোগ করেন, তারা একাধিকবার চিকিৎসককে সিজারিয়ান অপারেশনের কথা বললেও তিনি তাতে সাড়া দেননি। সন্ধ্যার দিকে প্রসবব্যথা বেড়ে গেলে চিকিৎসককে খবর দেওয়া হলেও অন্য কাজে ব্যস্ততার কথা বলে তিনি আসেননি বলে অভিযোগ পরিবারের। পরে নরমাল ডেলিভারিতে শিশুটির জন্ম হলেও সে মারা যায়।
শিশুটির বাবা মাহবুব আলম চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শিশুটির দাদা আব্দুর রবও চিকিৎসকের অবহেলায় নাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে চাঁদপুরের সিভিল সার্জনের হস্তক্ষেপ চেয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঘটনার সময় অভিযুক্ত চিকিৎসক অন্য একটি সিজারিয়ান অপারেশনে ব্যস্ত ছিলেন। অভিযুক্ত চিকিৎসক ডা. হাসিনা তৈয়বের বক্তব্যের জন্য একাধিকবার চেষ্টা করেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি।
হাসপাতালের মালিকপক্ষের মো. হারুনুর রশিদ বলেন, চিকিৎসকের অবহেলা থাকলে তদন্ত করে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে চিকিৎসক কেন রোগীকে অন্যত্র পাঠাননি—এমন প্রশ্নের স্পষ্ট উত্তর কর্তৃপক্ষ দিতে পারেনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের কথা শুনেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, বিষয়টি সরেজমিনে না জেনে তিনি মন্তব্য করতে পারছেন না। খোঁজ নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




