অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে ফিতা কেটে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদস্যরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুসা আল সিহাব স্বাগত বক্তব্য দেন। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন।
উদ্বোধক মনিরা খাতুন ক্রীড়া উৎসবের সাফল্য কামনা করেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার আয়োজনকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনের পর দাবা খেলার মধ্য দিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়। এতে সাংবাদিক আবু মুসা আল সিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহি উদ্দিন, জসিম উদ্দিন ও আবু হানিফ অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




