অনলাইন ডেস্ক: নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলায় জিএমসি, এমআরপিসি ও এলজিআই কমিটির সদস্যদের অংশগ্রহণে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর সদরের উপজেলা মডেল মসজিদে Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্পের ফেইজ-২-এর উদ্যোগে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসনের জন্য সঠিক তথ্য, সচেতনতা ও যথাযথ দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জিএমসি, এমআরপিসি ও এলজিআই কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ইউএনও বলেন, অভিবাসনপ্রত্যাশী ও প্রবাসী পরিবারের সদস্যদের সচেতন করা, তাঁদের সরকারি বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত করা এবং অভিবাসনসংক্রান্ত সমস্যা ও বিরোধ নিরসনে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কমিটির কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শফিকুল। উপস্থিত ছিলেন সিসিডিএর জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহাসান, প্রকল্প কর্মকর্তা মো. শাহজাহান ও উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রম জোরদার, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং অভিবাসী ও তাঁদের পরিবারের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
কনফারেন্সটির আয়োজন করে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ), বাস্তবায়নাধীন সিমস (SIMS) প্রকল্প, ফেইজ-২।




