অনলাইন ডেস্ক: হাইমচরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
এ সময় উপজেলা এলজিইডি প্রকৌশলী আশরাফুল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মাসুদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী হুমাইয়া জাহান ছোঁয়া দিবসের প্রতিপাদ্য নিয়ে সংগীত পরিবেশন করে। একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তা আক্তার ইভা দিবস উপলক্ষে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজনের মাধ্যমে কন্যাশিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষায় অংশগ্রহণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।




