অনলাইন ডেস্ক: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ারুল ইসলাম।
দুর্যোগ মোকাবিলায় মহড়া
কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করেন। আগুন লাগলে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণের পদ্ধতি, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং আগুনের ঝুঁকি এড়ানোর করণীয় হাতে-কলমে দেখানো হয়।
রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে পরিস্থিতি মোকাবিলার বিষয়েও প্রদর্শনী করা হয়। এ সময় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনের ঝুঁকি, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং পরিস্থিতি বিপজ্জনক হলে দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলবৌরা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ শোয়েব আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এবং মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা।




