অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফিতা কেটে লাইব্রেরিটির উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম. এ. বারী।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী। পরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এম. এ. বারী। তিনি তাঁর মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরি প্রতিষ্ঠা করায় মহান আল্লাহর প্রতি শোকরিয়া জানান।
এম. এ. বারী বলেন, তিনি জীবদ্দশায় অসহায়, গরিব ও দুঃখী মানুষের কল্যাণে কাজ করেছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়া, চিকিৎসা, বাসস্থান ও বিয়ের জন্যও আর্থিক সহায়তা করেছেন বলে জানান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
কেএফটি কলেজিয়েট স্কুল সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ জন্য মতলববাসীর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে ও জ্ঞান অর্জনের সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল। এর আগে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়েও সম্মান জানানো হয়।




