অনলাইন ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দু’বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মাতুয়াইলের সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এইচএসসি পরীক্ষার ফলাফল
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত দুই দশকের মধ্যে এটি সর্বনিম্ন পাসের হার। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।
চলতি বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন ছাত্রী উত্তীর্ণ হয়ে পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩১ শতাংশে। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং উত্তীর্ণের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন।
এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
চলতি বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। আগের বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। মধ্য আগস্টে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়। পরে নতুন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে।




