অনলাইন ডেস্ক: দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিবাদ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমানের নেতৃত্বে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি ও অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলে। শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ লোকমান হোসেন। তিনি বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে রয়েছে। পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। তার বক্তব্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং দেশের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।




