অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য ও রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল আলম মিয়াজী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার রামপুর বাজারে ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওড়পুর ও নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের ছেলে মোহাম্মদ তানভীর আলম তামীম বলেন, তাঁর বাবাকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি প্রতিশোধ নয়, ন্যায়বিচার চেয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।
৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদ মিয়াজী ও মো. হানিফ ভুঁইয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তাঁদের বক্তব্য, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন ছাড় না পায়।
মানববন্ধনে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মামুনুর রশিদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন, ব্যবসায়ী মো. কামাল উদ্দিন মিয়াজী, মো. শফিকুর রহমান, মো. নুরুল ইসলাম মল্লিকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




