21.2 C
Bangladesh
শনিবার, নভেম্বর ২১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

ফরিদগঞ্জে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ অর্ধশত পরিবার

অনলাইন ডেস্ক: চলাচলের কয়েক দশকের পুরোনো পথ হঠাৎ কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ! বাড়ি থেকে বের হওয়া, নির্মাণসামগ্রী আনা-নেওয়াসহ দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দারা।

সরকারি রাস্তার পাশের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় আলী আশরাফ প্রকাশ শিমুলের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারগুলো প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করলেও এখনো ভোগান্তি দূর হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দায়চারা মৌজার ৪নং খতিয়ানের ১৯২নং দাগটি রাস্তা হিসেবে পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের নামে বিএস রেকর্ডভুক্ত। ওই সরকারি রাস্তার পূর্ব পাশে পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথ ও ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। বাড়ি নির্মাণের জন্য মালামাল এনে কাজ শুরুর সময় আলী আশরাফ শিমুল রাস্তার মাটি কেটে কাঁটাতারের বেড়া স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের পর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন ও উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কাজল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, বাদীপক্ষের জমি ১৯১নং দাগে এবং বিবাদীপক্ষের জমি ১৯৫নং দাগে। দুই পক্ষের জমির মাঝখান দিয়ে ১৯২নং দাগে সরকারি রাস্তা রয়েছে। তদন্তে সরকারি রাস্তার পশ্চিম পাশে বিবাদীর জমি থাকলেও রাস্তা অতিক্রম করে পূর্ব পাশে, অর্থাৎ বাদীপক্ষের অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ পাঠানো হলেও আলী আশরাফ শিমুল উপস্থিত হননি বলে জানা গেছে। পরে গত ১১ নভেম্বর তিনি চাঁদপুর দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন। মামলার তফসিলে রাস্তার পূর্ব পাশের জমির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের ভয়ে অনেকে গণমাধ্যমে কথা বলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। অভিযুক্তের ভাই বকুল জানান, বেড়ার বিষয়ে তার ভাইয়ের নিষেধাজ্ঞা রয়েছে। আলী আশরাফ শিমুলও আদালতের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এ বিষয়ে আদালতের কাছে জানতে বলেন।

ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানিয়েছেন, তিনি ১-২ দিনের মধ্যে সরেজমিন পরিদর্শনে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ