অনলাইন ডেস্ক: রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবু রহমান।
গ্রেপ্তার ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি এলাকায় আলোচনায় আসেন। তার নির্বাচনী প্রচারে তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম মাঠপর্যায়ে কাজ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, ওমর ফারুক রুমীর বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করে এলাকায় সহিংস তৎপরতায় তিনি অর্থের জোগান দিয়েছেন বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অন্যতম অর্থদাতা হিসেবে তার সংশ্লিষ্টতার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের তালিকায়ও ওমর ফারুক রুমীর নাম রয়েছে।
পুলিশ আরও জানায়, শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের কপি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে করা মামলায় তাকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় করা ওই এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেপ্তার হয়েছেন বলে তারা জেনেছেন। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।




