অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জের চর রামপুর গ্রামে হঠাৎ হামলা, ভাঙচুর ও তাণ্ডবে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ উঠেছে, ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত একজনকে আটক করেছে।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর-রামপুর খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন আকলিমা (১৬) ও রিয়াদ (৩৫)। তাঁরা চর রামপুর এলাকার সফিক খলিফার সন্তান। উভয়ের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে রুবেল খলিফা (৩৭), রাজু খলিফা (২৫) ও মাসুদ (৪৫)সহ আনুমানিক ৫০ থেকে ৬০ জন তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘর ও বিভিন্ন সম্পদে ব্যাপক ভাঙচুর করা হয়। অভিযুক্ত রুবেল ও রাজু খলিফা মুখলেছ খলিফার ছেলে বলে জানা গেছে।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অভিযান চালিয়ে রুবেল খলিফাকে আটক করা হয়।
হামলা ও ভাঙচুরে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্টরা। তাদের দাবি, এর মধ্যে নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা লুটপাট এবং মোটরসাইকেলসহ অন্যান্য সম্পদের ক্ষতি রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যা জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।




