অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া পৌরসভার করইশ গ্রামের মৃর্ধা বাড়ির আলোচিত শিশু ফাহমিদা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কচুয়া পৌর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত ফাহমিদার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের জেঠা ও হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম এবং নিহতের জেঠি নার্গিস আক্তার ও সাহেরা খাতুনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ফাহমিদার বাবা আমিন মিয়া অসুস্থ থাকার সুযোগে তার মা শারমিন আক্তার অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের দাবি, এর ধারাবাহিকতায় গত ২৪ মার্চ মধ্যরাতে ঘুমের ওষুধ খাইয়ে শিশুটিকে অচেতন করার পর কম্বল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
তাঁরা আরও অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করে শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হয়। পরে সামাজিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে নিহতের বাবা আমিন মিয়া ন্যায়বিচারের আশায় চাঁদপুরের আদালতে যান। এরপর গত ২০ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এক মাসের মধ্যে কবর থেকে লাশ উত্তোলন, ময়নাতদন্ত এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার বর্তমান বাদী শফিকুল ইসলাম অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক ইমারত হোসেন সরেজমিনে যথাযথ তদন্ত না করে প্রতিপক্ষের প্রভাবে প্রায় সাড়ে পাঁচ মাস পর আদালতে একতরফা ও মনগড়া প্রতিবেদন দিয়েছেন।
তিনি জানান, প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে বাদীপক্ষ আপত্তি জানিয়েছে এবং পুনঃতদন্তের দাবি করেছে। এ বিষয়ে আগামী ২৯ নভেম্বর আদালতে শুনানির দিন ধার্য রয়েছে বলেও জানান তিনি।




