অনলাইন ডেস্ক: চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মতলব দক্ষিণ উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলায় নামে। আক্রমণ-পাল্টা আক্রমণে একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। গোলশূন্য সমতায় শেষ হয় বিরতির আগের খেলা।
দ্বিতীয়ার্ধে ফরিদগঞ্জের ৬ নম্বর জার্সিধারী পুষ্প পরপর দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
দুই গোলে পিছিয়ে পড়েও মতলব দক্ষিণ আক্রমণ বাড়ায়। একপর্যায়ে দলটির অধিনায়ক ১০ নম্বর জার্সিধারী সাগর একটি গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
ম্যাচ চলাকালে চাঁদপুর স্টেডিয়ামের পশ্চিম পাশের দুটি গ্যালারিতে দুই উপজেলার বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের উল্লাস, করতালি ও স্লোগানে স্টেডিয়াম মুখর হয়ে ওঠে।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই ভেন্যুতে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল ফাইনালে ফরিদগঞ্জের প্রতিপক্ষ হবে।




