অনলাইন ডেস্ক: চাঁদপুর শহরের মিশন রোডে অবস্থিত বহুল আলোচিত আরএস টাওয়ারের বেআইনিভাবে নির্মিত বর্ধিত অংশ অপসারণের নির্দেশ দিয়েছে পৌরসভা। গত ১২ অক্টোবর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে সাত দিনের মধ্যে ভবনটির অবৈধ বর্ধিত অংশ নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়। তবে নির্দেশ জারির ১০ দিন পেরিয়ে গেলেও আরএস টাওয়ার কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি।
গত ৩ অক্টোবর ভবনটির বারান্দার পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে দুই শিশু দগ্ধ হয়। তাদের মধ্যে রাব্বি নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর মারা যায়। ফাইজার নামের অপর শিশুটি দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনার পর ১২ অক্টোবর চাঁদপুর পৌরসভা আরএস টাওয়ারের ভবন মালিককে নোটিশ দিয়ে অনুমোদিত নকশার বাইরে নির্মিত অংশ অপসারণের নির্দেশ দেয়। নোটিশে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড ও ইমারত নির্মাণ আইন অনুযায়ী ওই নির্মাণ অবৈধ। সাত দিনের মধ্যে নিজ ব্যয়ে স্থাপনাটির নিয়মবহির্ভূত অংশ সরিয়ে না নিলে পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালাতে পারে বলেও সতর্ক করা হয়।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাস্থলের বারান্দায় ভবন মালিক দেয়াল নির্মাণ করেছেন। এ বিষয়ে জানতে ভবন মালিককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
পৌর কর্তৃপক্ষের নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, প্রশাসনের নির্দেশ দ্রুত কার্যকর করা হোক।




