অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার বৃহত্তম বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে পৃথক ইউনিয়ন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রস্তাবিত পূর্ব বিতারা ইউনিয়নে চাংপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি স্বতন্ত্র ওয়ার্ড গঠনের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাচার-কচুয়া-গৌরীপুর সড়কের চাংপুর শিমুলতলী মোড়ে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা চাংপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি ওয়ার্ড গঠন এবং গ্রামটিকে প্রস্তাবিত পূর্ব বিতারা ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত রাখার দাবি জানান।
বক্তারা বলেন, ২৯টি গ্রাম নিয়ে গঠিত বৃহত্তম বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ সময়োপযোগী। ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় এ উদ্যোগ প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তাঁরা মনে করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মো. নজরুল ইসলাম মাস্টার, হাজী নবীর হোসেন, মো. রোকন, মো. কবির হোসেন, মো. কামাল হোসেন, মো. হাবিব ভূঁইয়া, মো. হারুনুর রশিদ ও মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা আরও বলেন, ভৌগোলিক অবস্থান বিবেচনায় চাংপুর গ্রাম বিতারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ইউনিয়ন বিভক্তির ক্ষেত্রে গ্রামের অবস্থান, জনসাধারণের সুবিধা, যোগাযোগব্যবস্থা ও প্রশাসনিক সেবাপ্রাপ্তির বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন। চাংপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি স্বতন্ত্র ওয়ার্ড গঠন করা হলে তাঁদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
তাঁদের দাবি, চাংপুর গ্রামের বাসিন্দাদের বিচ্ছিন্নভাবে একাধিক ওয়ার্ডে ভাগ না করে একত্রিত করে একটি ওয়ার্ড গঠন করতে হবে। একই সঙ্গে গ্রামটিকে প্রস্তাবিত পূর্ব বিতারা ইউনিয়নের অন্তর্ভুক্ত রাখার বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চাংপুর গ্রামকে একক ওয়ার্ড হিসেবে গঠন এবং প্রস্তাবিত পূর্ব বিতারা ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।




