অনলাইন ডেস্ক: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল উপহার দিয়েছে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা। তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর এলাকায় ইউপি সদস্য সোহেল পাটোয়ারীর বাড়িসংলগ্ন খেলার মাঠে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম।
এ সময় নজরুল ইসলাম বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ ও যুবসমাজ পরিবার, সমাজ ও দেশের মূল্যবান সম্পদ। তাদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে যুক্ত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, উদ্যোগটির লক্ষ্য শুধু ফুটবল বিতরণ নয়; তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং সঠিক পথে পরিচালিত করা। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্তানদের প্রতি যত্নশীল হয়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, হাইমচর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন আসিফসহ ফুটবলপ্রেমী খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের মতে, তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার সুযোগ থাকলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে।




