অনলাইন ডেস্ক: মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাদী জনগুরুত্বপূর্ণ সড়কের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নগরবাসী। সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি থাকায় কলাদীর রাস্তার চলমান সংস্কারকাজ বন্ধ হয়ে পড়ে আছে। এতে কলাদীসহ আশপাশের মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েছেন।
জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তা সমাধানের উদ্যোগ নেন মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম। রাস্তার ওপর স্থাপিত বিদ্যুতের খুঁটি স্থানান্তরের জন্য তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব দক্ষিণ জোনাল অফিসের সঙ্গে যোগাযোগ করেন। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী খুঁটি স্থানান্তরের খরচসহ প্রয়োজনীয় কার্যক্রমও সম্পন্ন করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে খুঁটি স্থানান্তরের কাজের জন্য ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিকাদারের বরাত দিয়ে ডিজিএম জানান, আগামী কয়েক দিনের মধ্যে ভারী ক্রেন ব্যবহার করে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ সম্পন্ন করা হবে।
মতলব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, শিগগিরই বিদ্যুতের খুঁটিটি স্থানান্তর করা হবে। এরপর কলাদী সড়কের চলমান সংস্কারকাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে।




