অনলাইন ডেস্ক: হাজীগঞ্জে ভিত্তিহীন ও অসত্য সংবাদের প্রতিবাদে ব্যতিক্রমী এক প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা-শিবপুর দাখিল মাদরাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সম্প্রতি এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে নারী ঘটিত অনৈতিক সম্পর্কের বানোয়াট অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ এতে ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে ভুক্তভোগী ফল ব্যবসায়ী শাহজাহান মজুমদার অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করেন। তাঁর ভাষ্য, ভুল ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করানো হয়েছে। তিনি অভিযোগের সত্যতা প্রমাণের আহ্বান জানান। সত্যতা প্রমাণিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ এলাকা থেকে বিতাড়নের কথা বলেন তিনি।
শাহজাহান মজুমদার আরও বলেন, কেউ অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারলে তিনি সমাজকে এক লাখ টাকা জরিমানা দেবেন। একই সঙ্গে মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করার অভিযোগে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে শাহজাহান মজুমদারের অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন অভিযোগে অনলাইনে কিছু সংবাদ প্রচারিত হয়। পরে ঘটনাটিকে মিথ্যা ও সাজানো দাবি করে এলাকায় ক্ষোভ দেখা দেয়।
সমাবেশে বক্তব্য দেন মাদরাসার সুপার মো. সফিকুর রহমান, ইউপি সদস্য খোরশেদ আলম, বিএনপি নেতা শেখ ফরিদ সুমন, সংরক্ষিত নারী ইউপি সদস্য খুরশিদা বেগম, সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলাম, জাফর আহমেদ ধনী ও মো. মোস্তফা কামাল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।




