অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য নির্বাচনী তফসিলকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকা সরগরম হয়ে উঠেছে; চায়ের দোকানের আড্ডা, ফেসবুক ও রাজনৈতিক পরিসরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সমর্থন ও নেতাকর্মীদের সহযোগিতা পেতে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির সমর্থন প্রত্যাশায় রাজারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জনের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।
আলোচনায় ছয় প্রার্থী
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য নির্বাচনকে কেন্দ্র করে চার প্রার্থীর অনুসারী ও সমর্থকেরা জনসংযোগ ও মতবিনিময় করছেন। সামাজিক, ধর্মীয় ও স্থানীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন তারা।
মোঃ মফিজুর রহমান দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকা এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কারণে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার সাংগঠনিক যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।
মোঃ সিদ্দিকুর রহমান বিভিন্ন সময়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বর্তমানে হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মোঃ নজরুল ইসলাম দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া ২০১৬ সালের রাজারগাঁও ইউপি নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
মোঃ রফিকুল ইসলাম রনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তরুণ নেতাকর্মীদের মধ্যে তার যোগাযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মোঃ আব্দুল করিম বেপারী দলীয় পদে না থাকলেও বিএনপির সমর্থন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত বলে জানানো হয়েছে। মোঃ ফজলুল করিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সমর্থন এখনো নিশ্চিত নয়
এখন পর্যন্ত রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়নি। ফলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মধ্যে কার পক্ষে সমর্থন যাচ্ছে, তা নিয়ে কৌতূহল রয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণা ও দলীয় সিদ্ধান্তের পর প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে পারে এবং নির্বাচনী মাঠের চিত্র পরিষ্কার হবে বলে স্থানীয়রা মনে করছেন।




