অনলাইন ডেস্ক: সামান্য বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি-ছোটহলদিয়া সড়কটি। পিচ উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত, যা এখন চলাচলের প্রায় অনুপযোগী। এলজিইডির এই গুরুত্বপূর্ণ সড়কটিতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সড়কটির মধ্যে নূর মোহাম্মদের বাড়ির পাশের অংশের অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে গভীর গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় গর্তগুলোর গভীরতা সহজে বোঝা যায় না। একসময় সড়কটি ১০ ফুট প্রশস্ত থাকলেও ভেঙে বর্তমানে প্রায় ৪ ফুটে নেমে এসেছে।
উত্তর সরদারকান্দি, শাখারিপাড়া, জহিরাবাদ ও এখলাছপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মতলব সদরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি। প্রতিদিন সড়কটি দিয়ে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চলাচল করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত। বৃষ্টির পর খানাখন্দগুলো আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে রাতে চলাচলের সময় যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ছেন বলে তারা জানান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্তে বালুর বস্তা ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এই উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি ভুক্তভোগীদের। তারা সড়কটির টেকসই ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।
মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়ে তারা অবগত আছেন। ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে দ্রুত স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




