অনলাইন ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামানোর সময় আনুমানিক ৩০ বছর বয়সী রবিন নদীতে পড়ে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লঞ্চ থেকে নামার পর ব্যাগটি ভেতরে রেখে যাওয়ার কথা মনে পড়ে রবিন আবার লঞ্চে ওঠেন। পরে ফের নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হলে তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন এবং নদীতে পড়ে যান। ঘটনার পর লঞ্চটি মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে গেলে মোহনপুর নৌ-পুলিশ সেটি আটক করে। লঞ্চের মাস্টার মনির হোসেন ও গ্রিজার মো. সুমন মিয়াকেও আটক করা হয়।
নিখোঁজের পর বেলতলী নৌ-পুলিশ, মোহনপুর নৌ-পুলিশ, মতলব উত্তর থানা পুলিশ ও স্থানীয়রা তল্লাশি শুরু করেন। পরে চাঁদপুর বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। নদীর স্রোতের কারণে ভাটির দিকেও তল্লাশি চালানো হয়।
রবিনের পরিচয় মেলে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া তার ব্যাগে থাকা মোবাইল ফোনের সিমকার্ড থেকে। বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি থেকে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেন রবিনের স্ত্রী নাসরিন আক্তার।
স্বামীর নিখোঁজের খবর পেয়ে ষাটনল লঞ্চঘাটে ছুটে আসেন নাসরিন। একদিন অপেক্ষার পর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তিনি ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পারিবারিক সূত্রে জানা যায়, রবিনের জন্মস্থান শরীয়তপুর এবং তিনি নারায়ণগঞ্জে মা-বাবার সঙ্গে বসবাস করতেন। রবিন ও নাসরিন দম্পতির সাড়ে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম জানান, রবিনের স্ত্রী নাসরিন আক্তার মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে উদ্ধার কার্যক্রম নিয়ে কথা বলেন। চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ এবং চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।




