অনলাইন ডেস্ক: অসহায়ত্ব ও দারিদ্র্যের সঙ্গে দীর্ঘদিনের লড়াই করে আসা, দৃষ্টিহীন চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিণ শাসনপাড়া গ্রামের নারী ফুলবানু বেগম নিজের কষ্টের পাশাপাশি চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তাঁর দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা দূর করতে এগিয়ে এসেছেন জীবন চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবন।
ফয়সাল চৌধুরী জীবনের উদ্যোগে ফুলবানুর জন্য একটি বসতঘর নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করা এই দৃষ্টিহীন নারীর জন্য নতুন ঘরটি নিরাপদে বসবাস ও মেয়েকে নিয়ে ভবিষ্যৎ গড়ার নতুন সুযোগ তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৃষ্টিহীন হওয়ায় স্বাভাবিক জীবনযাপন ফুলবানুর জন্য কঠিন ছিল। সহায়-সম্বলহীন অবস্থায় তাঁকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করতে হতো। খাবার জোগাড় ও মেয়ের পড়াশোনার খরচ বহন করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। বৃষ্টি, ঝড় ও প্রতিকূল আবহাওয়ায় ওই ঘরে বসবাসের অনিশ্চয়তা তাঁর দুর্ভোগ বাড়িয়ে দিত।
ফুলবানুর এই জীবনযাপনের বিষয়টি স্থানীয় সাংবাদিক জিসান আহমেদ নান্নুর নজরে আসে। তিনি সংবাদমাধ্যমে বিষয়টি তুলে ধরলে প্রতিবেদনটি ফয়সাল চৌধুরী জীবনের নজরে আসে। পরে তিনি ফুলবানুর খোঁজখবর নিয়ে তাঁর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। ইতিমধ্যে ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে।
নতুন ঘর পেয়ে ফুলবানু বেগম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দীর্ঘ সময় পর এখন স্বস্তিতে ঘুমাতে পারবেন। মেয়ের শিক্ষাজীবন যেন অভাবের কারণে বাধাগ্রস্ত না হয়, সে জন্য সমাজের মানবিক ও সামর্থ্যবান মানুষের সহযোগিতাও চেয়েছেন তিনি।
নিরাপদ ঘরটি মেয়েটির পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এই ঘর ফুলবানুর জীবনের সব সমস্যার সমাধান না করলেও দীর্ঘদিনের অনিরাপত্তা কমিয়ে নতুন করে আশাবাদী হওয়ার সুযোগ তৈরি করেছে।




