অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভার মঞ্চে প্রধানমন্ত্রী উঠলে সমর্থকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। পরে তিনি হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে তিন জেলার সফরে রওনা হন প্রধানমন্ত্রী।




