অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক প্রণয়ন ও সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণবিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান। প্রধান আলোচক ছিলেন বেটসের জিআইএস (GIS) বিশেষজ্ঞ আব্দুল্লাহ।
কর্মশালায় ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন, কোর রোড নেটওয়ার্ক প্রণয়ন, অতিগুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ এবং পর্যায়ক্রমে সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও গতিশীল হবে।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে অতিথিরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।




