অনলাইন ডেস্ক: ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষের সৃজনকৃত গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করেও সমাধান না পাওয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী নূর নবী।
অভিযোগ ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত শাহাদাত হোসেন গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের বাসিন্দা। তিনি নূর নবীর পাশের জমি কিনেছেন। জমির দখল বুঝে নেওয়ার সময় নূর নবী উপস্থিত না থাকায় শাহাদাত সীমানা নির্ধারণ করেন। পরে নিজের জমির দখল নিতে গিয়ে নূর নবীর জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে।
নূর নবীর অভিযোগ, ভূমি অফিসে চাকরির কারণে শাহাদাত ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর অনুপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করেন, যা তাঁর জমির অংশে এসে পড়েছে। তাঁর সীমানার মধ্যে থাকা বেলজিয়াম গাছসহ বিভিন্ন গাছ কাটার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে মৌখিকভাবে জানিয়েও ব্যবস্থা না পাওয়ায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান নূর নবী।
জমির মাপ জরিপকারী বোরহান উদ্দিন মোল্লা বলেন, জমি মাপার দিন নূর নবী উপস্থিত না থাকলেও শাহাদাত হোসেন যাঁর কাছ থেকে জমি কিনেছেন, তিনি উপস্থিত ছিলেন। দাগ নকশা অনুযায়ী সঠিকভাবে জমির সীমানা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, নূর নবী তাঁর কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন। তিনি নূর নবীকে লিখিত অভিযোগ দিতে বলেছেন।
অভিযোগের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, যে স্থানে গাছ কাটা হয়েছে, সেটি তাঁর সীমানার মধ্যে পড়েছে। নূর নবী আগে জমিটি কিনতে চেয়েছিলেন, তা না পেরে তাঁর সঙ্গে বিরোধে জড়াচ্ছেন বলে দাবি করেন শাহাদাত। জমি মাপার দিন উপস্থিত থাকতে নূর নবীকে বলা হলেও তিনি থাকতে চাননি বলেও জানান তিনি।




