অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ বাড়িভাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে লতিফ প্রধানের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে লতিফ প্রধান ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে মুহূর্তের মধ্যে তাদের বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে বাড়িভাঙ্গা গ্রামের যুব সমাজ ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ও মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
আগুনে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে পরিবারের এক সদস্য আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।




