অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক মো. নাজমুল হককে (২৮) মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে ‘মতলব নিউজ’ নামের একটি ফেসবুক পেজে উপজেলার গজরা ইউনিয়নের পূর্ব রায়দিয়া নয়াকান্দি গ্রামের মাদক সেবনসংক্রান্ত একটি সংবাদ ছবি সহ প্রকাশ করা হয়। এর পরদিন ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে ০১৯৮১৩৮৬৮৬৬ নম্বর থেকে নাজমুল হকের মুঠোফোনে কল আসে।
জিডিতে নাজমুল হক অভিযোগ করেন, কলকারী ব্যক্তি সংবাদ প্রকাশের বিষয়টি উল্লেখ করে তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে রাস্তায় একা পেলে প্রাণনাশ ও শারীরিকভাবে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
ঘটনার পর নিরাপত্তা ও আইনি সুরক্ষার জন্য ১৭ সেপ্টেম্বর মতলব উত্তর থানায় উপস্থিত হয়ে জিডি করেন তিনি। জিডি নম্বর ৮৮১ এবং ট্র্যাকিং নম্বর E2L1NY।
নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মী হিসেবে তার দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে এ ধরনের হুমকি তার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও উদ্বেগের বিষয় বলে তিনি উল্লেখ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
মতলব উত্তর থানার পুলিশ জানিয়েছে, সাংবাদিকের করা সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মুঠোফোন নম্বরটির ব্যবহারকারী ও হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সাংবাদিককে হুমকির ঘটনায় মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।




