অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হাফেজ সাইফুল ইসলামের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মনপুরা গ্রামের জিন্নত আলী ডাক্তার বাড়িতে কামাল হোসেনের গৃহে এ ঘটনা ঘটে। ওই গ্রামের একটি মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করে ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই ঘরের সব মালামাল পুড়ে যায়।
হাফেজ সাইফুল ইসলাম জানান, আগুনে তার বসতঘর, আসবাবপত্র, পোশাক, বিয়ের মালামালসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পরিবারটির মধ্যে হতাশা ও শোকের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।




