অনলাইন ডেস্ক: ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শারীরিক অসুস্থতা এবং বয়সের কারণে বেশ কিছু ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে।
যারা হজে যেতে পারবেন না
গাইডলাইন অনুযায়ী, হজযাত্রীর বয়স অবশ্যই ১৫ বছর বা তার বেশি হতে হবে। ১৫ বছরের কম বয়সী শিশুরা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।
হৃদরোগ, ফুসফুসের রোগ, লিভারের রোগ বা কিডনির গুরুতর জটিলতায় আক্রান্ত ব্যক্তিরা হজের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
ডিমেনশিয়ায় আক্রান্ত বয়স্ক ব্যক্তি এবং গুরুতর মানসিক অসুস্থতা বা স্নায়বিক রোগে আক্রান্ত, যাদের চিন্তাশক্তি বা স্বাভাবিক চলাফেরা গুরুতরভাবে ব্যাহত, তারাও হজের অনুমতি পাবেন না।
বর্তমানে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি নিচ্ছেন—এমন ক্যান্সার রোগীরাও ২০২৭ সালের হজে যেতে পারবেন না।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং সক্রিয়ভাবে ছড়ায় এমন সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও এ তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে উন্মুক্ত যক্ষ্মা বা টিবি এবং হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।
গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী অথবা যেকোনো মেয়াদের উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।
প্রাথমিক নিবন্ধনের সময়সীমা
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর। আগামী বছর পবিত্র হজ পালনে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।




