অনলাইন ডেস্ক: মোবাইল ফোন না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সে হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়।
অভিযোগকারী শিক্ষার্থী আলামিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল আলামিন। কিন্তু মোবাইল ফোন না দেওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে সে রাতে একাই হাজীগঞ্জ থানায় যায়।
থানায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক জহির হোসেন। বিষয়টি শুনে তিনি আলামিনকে বুঝিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। পরে তার বাবা-মাকেও থানায় ডেকে সন্তানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হয়।
পুলিশ পরিদর্শক জহির হোসেন জানান, শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। শান্তভাবে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করা হয়েছে। পারিবারিক বিষয়গুলো ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধানের জন্য তার বাবা-মাকে পরামর্শ দেওয়া হয়।
ছোট একটি বিষয়কে কেন্দ্র করে শিশুটির মনে যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও বাবা-মাকে সতর্ক করা হয়েছে। পুলিশের পরামর্শ ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের পর আলামিনকে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়।




