অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের জেটিতে নামার সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া মো. রবিনের (৩৬) মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা ডুবুরি দলের সদস্যরা লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়।
স্বামীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে শুক্রবার লঞ্চঘাটে ছুটে আসেন রবিনের স্ত্রী নাসরিন। স্বামীর সন্ধান না পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। নাসরিন জানান, রবিন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তার চাকরি চলে যায়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটের জেটিতে ভেড়ার সময় রবিন মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ২৬ ঘণ্টার অভিযান শেষে জেটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।




