অনলাইন ডেস্ক: কুয়েতের হাওয়ালি এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ সোহাগ গাজী নামের এক বাংলাদেশি ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহাগ গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেলে কুয়েতের হাওয়ালি গভর্নরেটের সালমিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
কুয়েত পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, সালমিয়া এলাকার একটি খোলা পার্কিংয়ে সোহাগ গাজীর সন্দেহজনক চলাফেরা দেখে টহল পুলিশ তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেহ তল্লাশি করে নিষিদ্ধ মাদক উপাদান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডিজিটাল বার্তার মাধ্যমে খদ্দেরদের নির্দিষ্ট স্থান জানিয়ে গোপনে নিষিদ্ধ দ্রব্য সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে বাসস্থানে অভিযান চালায় কুয়েত পুলিশ।
অভিযানে তাঁর বাসা থেকে ছোট প্যাকেটে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ উপাদান, সূক্ষ্ম ওজন পরিমাপক স্কেল এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য ও জব্দ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কুয়েতের সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফরিদগঞ্জের স্থানীয় সূত্র জানায়, সোহাগ গাজী দীর্ঘদিন স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গোপনে কুয়েতে পাড়ি জমান বলে সূত্রটির দাবি। সেখানে গিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। তাঁর গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




