অনলাইন ডেস্ক: মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু প্রধান (৭৫) শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর পৌনে ১টায় মতলবের ১ নম্বর ব্রিজসংলগ্ন নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসকের পরামর্শে তিনি ওই বাসায় চিকিৎসাধীন ছিলেন।
নুরুল ইসলাম নুরু প্রধানের গ্রামের বাড়ি মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বাইশপুরে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ বাসায় তাঁকে দেখতে যান।
মতলব প্রেসক্লাবের আহ্বায়ক ও মরহুমের ভাতিজা আমির খসরু জানান, শুক্রবার বাদ আসর মতলব নিউ হোস্টেল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁর স্মৃতিচারণ করেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন ভূইয়া, মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উলাহ সরকার এবং আমির খসরু। পরে জানাজায় ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।
জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম ও মুক্তিযোদ্ধারা। উপজেলা প্রশাসন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে উত্তর বাইশপুরে দ্বিতীয় জানাজা শেষে নুরুল ইসলাম নুরু প্রধানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




