অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার ১০৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি জি.এম. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. কবির হোসেন ভূঁইয়া। তিনি শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য হেলেনা আক্তার, ইউপি সদস্য আব্দুল জব্বার মোল্লা, সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন মোল্লাসহ ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় প্রতিনিধি ও অভিভাবকেরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয়ের পরিবেশ শিক্ষাবান্ধব রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অভিভাবকদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনা হয়। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি জি.এম. আবদুল মান্নান বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা নিজেদের মধ্যে পরিচিত হন এবং বিদ্যালয়ের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




