অনলাইন ডেস্ক: চকলেটের একটি ছোট্ট লোভ—সেই সরল বিশ্বাসই যেন চরম কাল হয়ে দাঁড়াল ৯ বছর বয়সী এক শিশুর জীবনে। খেলার সময় চকলেটের লোভ দেখিয়ে মুদি দোকানের ভেতরে ডেকে নিয়ে শাটার বন্ধ করে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় চকলেট দেওয়ার কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেন হাবিবুর রহমান। পরে দোকানের শাটার নামিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে।
শিশুটির কান্নার শব্দ শুনে এবং বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনায় শিশুটির পরিবারে উদ্বেগ, ক্ষোভ ও গভীর মানসিক আঘাতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর শিশুটির নানা বাদী হয়ে বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় শিশু নির্যাতনের ধারায় মামলা করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নির্যাতনের প্রাথমিক সত্যতা এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাবিবুর রহমান পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




