অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা অঞ্চলের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।
বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত
কর্মকর্তারা জানান, ডাকাতিয়া নদী ও নদীসংলগ্ন প্লাবনভূমিতে ১৩০ কেজি, উপজেলা পরিষদের পুকুরে ৪০ কেজি, হাজীগঞ্জ থানা পুকুরে ২৫ কেজি, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পুকুরে ৩০ কেজি এবং হাজীগঞ্জ পৌর ও ইউনিয়ন অফিসের পুকুরে ২৫ কেজি পোনা ছাড়া হয়েছে।
কর্মকর্তাদের ভাষ্য, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানো, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত জলাশয়, সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা অবমুক্ত করা হয়েছে। এতে মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তারা জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপস্থাপনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমদ। উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন ও নুরুল আমিন হেলাল।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল, যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসাইন এবং পৌর ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম টগরসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।




