অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজারগাঁও বাজার উপজেলার দ্বিতীয় সর্ববৃহৎ ও ব্যবসায়িক দিক থেকে প্রসিদ্ধ একটি বাজার। প্রতিদিন হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে এ বাজারে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে চরম জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
শনিবার ও বুধবার হাটবার ছাড়াও প্রতিদিন হাজীগঞ্জ উপজেলা এবং পাশের মতলব উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বহু মানুষ এ বাজারে আসেন। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা না রেখেই বাজারের প্রধান সড়ক ও ভেতরের গলির রাস্তা অপরিকল্পিতভাবে পাকাকরণ করা হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই সড়কগুলোতে পানি জমে হাঁটু পানির সৃষ্টি হয়। এতে ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন পেশার মানুষ এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, একসময় পূর্ব থেকে পশ্চিম বাজার এবং পশ্চিম বাজার ব্রিজ থেকে উত্তর বাজার কামারপট্টি পর্যন্ত প্রধান সড়কের পাশে ড্রেন ছিল। তবে ৪/৫ বছর আগে সড়কটি নতুন করে পাকাকরণের সময় ওই ড্রেন বন্ধ করে দেওয়া হয়। এরপর ড্রেন ছাড়া সড়ক পাকাকরণ করায় জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।
ব্যবসায়ীদের ভাষ্য, সড়ক পাকাকরণে সুবিধা হওয়ার কথা থাকলেও বর্তমানে সামান্য বৃষ্টিতেই প্রধান সড়ক ও বাজারের গলিতে পানি জমে যায়। এতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কমে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।
রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান বলেন, তৎকালীন সময়ে ড্রেনেজ ব্যবস্থা না রেখেই সড়কটি পাকাকরণ করা হয়েছিল। এর ফলে বাজারে আসা সাধারণ ক্রেতা এবং যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।




