অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার এক নারী বাড়ির ব্যবহৃত পানি ফেলতে গিয়ে ফসলি জমিতে মরদেহটি দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুরুতে মরদেহটির পরিচয় জানা যায়নি। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন। রিকাবি বেগম মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকার সওদাগর বাড়ির মৃত আমির আলী সওদাগরের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রিকাবি বেগম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
নিহতের ছেলে বাচ্চু মিয়া সওদাগর বলেন, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। এর আগেও তিনি কয়েকবার কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করতে মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।




