অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের জাল কেটে মাছ বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আবদুল্লাহ আল নোমান (৩৮) নামে এক মাছচাষি।
লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকেরতলা এলাকার একটি পুকুরে আবদুল্লাহ আল নোমানসহ কয়েকজন অংশীদার যৌথভাবে মাছ চাষ করছিলেন। পরে অংশীদারদের মধ্যে পুকুরের অংশ আলাদাভাবে চাষের সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আবদুল্লাহ আল নোমান পুকুরের জাল ঠিকঠাক অবস্থায় দেখে বাড়িতে যান। পরদিন ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে স্থানীয় এক প্রতিবেশীর মাধ্যমে তিনি জাল কাটা অবস্থায় থাকার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি জাল কাটা দেখতে পান।
অভিযোগকারীর দাবি, জাল কেটে দেওয়ায় পুকুরের মাছ বের হয়ে গিয়ে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মো. সরওয়ার (৫০) ও তাজউদ্দিন আক্তার (৩২) সাক্ষী রয়েছেন বলে তিনি জানিয়েছেন। তবে জালটি কে বা কারা কেটেছে, তা তিনি সরাসরি দেখেননি বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, মাছ চাষ নিয়ে আগের বিরোধের জেরে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে তাদের বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
আইনগত ব্যবস্থা চেয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আবদুল্লাহ আল নোমান। হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।




