অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন তালুকদার। এতে আরও বক্তব্য দেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, বিট অফিসার এসআই হুমায়ুন কবির ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে রবিউল আলম বাবু, মশিউর রহমান মনা মাস্টার, আব্দুল জলিল, ফারুক খান, আনোয়ার হোসেন সজিব, রফিকুল ইসলাম ও মনির হোসেনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁদের মতে, মাদক সমাজের বিভিন্ন স্তরে প্রবেশ করেছে এবং তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।
তাঁরা আরও বলেন, শুধু মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করে কারাগারে পাঠালেই সমস্যার পূর্ণ সমাধান হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রতিটি বাড়ি ও পরিবার থেকে সচেতনতার উদ্যোগ শুরু করতে হবে।




